যোগফল প্রতিবেদক:
বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সেন্টমার্টিন ভ্রমণে যেতে আগ্রহী পর্যটকদের যাত্রা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আবারও জাহাজ চলাচল শুরু হবে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সেন্টমার্টিন যাওয়ার জন্য যেসব পর্যটক জাহাজের টিকিট কিনেছেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে তারা একই টিকিটে দ্বীপ ভ্রমণে যেতে পারবেন।
জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, বৈরী আবহাওয়ার কারণে যেসব পর্যটক দ্বীপে যেতে চাইবেন না, তাদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। পাশাপাশি সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরিয়ে আনা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এ পরিস্থিতিতে কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে সাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া দপ্তর।
চলতি পর্যটন মৌসুমে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পাঁচটি পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। এর মধ্যে তিনটি জাহাজ গত ৫ নভেম্বর থেকে চলাচল শুরু করে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম