যোগফল প্রতিবেদক:
অগ্রহায়ণ মাসের শুরুতেই উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আগের দিন বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদ থাকায় গরম অনুভূত হলেও সন্ধ্যা নামার পর আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। সন্ধ্যার পর থেকে শীতের অনুভূতি বাড়ছে। অগ্রহায়ণের শুরুতেই শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১৬ দশমিক ৪ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮ ডিগ্রি এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম