যোগফল প্রতিবেদক:
গাজীপুরের ভুরুলিয়া এলাকায় পল্লীবিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পেট্রোলবোমা নিক্ষেপ করে কাঠের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে ভুরুলিয়া এলাকার পল্লীবিদ্যুতের অভিযোগ কেন্দ্রে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া বলেন, পল্লীবিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী বলেন, রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করলে আগুন ধরে যায়।
ঘটনাটিতে বিদ্যুৎ অফিসের মালামালের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম