যোগফল প্রতিবেদক:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকারের লোভে নিজের মাকে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় ছেলে আশরাফ আলীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ নিহতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।
নিহত মতিফুল বেগম রামকান্তপুর গ্রামের ছরোয়ার হোসেনের স্ত্রী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহতের মাদকাসক্ত ছেলে আশরাফ আলী (২০), তাঁর সহযোগী একই গ্রামের ময়েন প্রামাণিকের ছেলে আব্দুর রহিম (২২) এবং স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকাসক্ত ছেলে ও এক স্বর্ণকারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাতেই সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম