গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনায় নিরীহ নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষায় সরকারের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ উদ্বেগ জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। মঙ্গলবার টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটতে বাধ্য হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, গোপালগঞ্জের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার যোগাযোগ থাকায় দেশের একটি বড় অংশ ঝুঁকির মধ্যে রয়েছে। আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে আরও বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলেও তথ্য রয়েছে বলে দাবি করেন তিনি। কার বাড়িতে আগুন দেওয়া হবে এবং কোথায় লুটপাট চালানো হবে, তা আগেই ঘোষণা করা হচ্ছে বলেও জানান বিরোধীদলীয় নেতা।
ডা. শফিকুর রহমান বলেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও তিনজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। তবে নিরীহ মানুষের জীবন, সম্পদ ও সম্মান এবং রাষ্ট্রীয় স্থাপনা রক্ষায় এর বাইরে কী দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়েছে, সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি বলেন, একটি নির্বাচিত সরকার ও চলমান সংসদ থাকা অবস্থায় প্রকাশ্যে এ ধরনের ধ্বংসযজ্ঞ চলতে পারে না। গোপালগঞ্জের বহু দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম