নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল আমিনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পৌর শহরের টেংগাপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর ইসলাম হারুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার (১১ নভেম্বর) উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।
মামলায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিবুর রহমান রতন, সহসভাপতি নূরুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবাল এবং যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুনসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুর ইসলাম হারুন বলেন, নূরুল আমিন নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার দুপুরে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম