নওগাঁর মহাদেবপুরে যুবদলের এক বহিষ্কৃত নেতার মাদকের আসর থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলা সদরের গার্লস স্কুলপাড়ার মৃত প্রদীপ কুমার দেবের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব (২৮), সদর ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর বোয়ালমারি মোড়ের মৃত আবুল কালামের ছেলে ও উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা রুহুল আমিন (৩৩) এবং ফাজিলপুর গ্রামের মজিবর রহমানের ছেলে নাসির উদ্দিন (৫৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে মহাদেবপুর থানার এসআই শফিউল ইসলাম বহিষ্কৃত যুবদল নেতা রুহুল আমিনের বাড়িসংলগ্ন বয়লারে অভিযান চালান। এ সময় মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের প্রত্যেককে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়।
এসআই শফিউল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে ছাত্রলীগ নেতা তনু কুমার দেবকে গত ১৬ জুন দায়ের করা একটি নাশকতার মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মাদকের আসর থেকে তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ছাত্রলীগ নেতা তনুর বিরুদ্ধে পরবর্তী সময়ে আরেকটি প্রতিবেদন দেওয়া হবে।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় বিএনপি ও ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মীদের শনাক্ত করে তাদের ধরিয়ে দেওয়ার অভিযোগ ছিল তনু কুমার দেবের বিরুদ্ধে। ৫ আগস্টের পর আত্মগোপনে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সক্রিয় ছিলেন তিনি।
অন্যদিকে, চাঁদা আদায়সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল যুবদলের বহিষ্কৃত নেতা রুহুল আমিনের বিরুদ্ধে। সংবাদমাধ্যমে এসব তথ্য প্রকাশের পর ২০২১ সালের ১০ সেপ্টেম্বর র্যাব তাকে আটক করে। পরে তাকে উপজেলা যুবদলের পদ থেকে বহিষ্কার করা হয়।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম