পিরোজপুরের নেছারাবাদে বাবার সঙ্গে সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর সিয়াম (১৩) নামে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা হত্যা মামলায় তার বাবা আরিফ রাঢীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিয়ামের মা মুন্নী বেগম জানান, গত ১২ নভেম্বর বিকেলে ছেলে সিয়ামকে সঙ্গে নিয়ে তার স্বামী আরিফ রাঢী রাজবাড়ী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে মাছ ধরতে যান। রাত ৮টা পর্যন্ত স্বামী-সন্তান বাড়িতে না ফেরায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে তার বড় ছেলে পাশের গোবিন্দকাঠি গ্রামের একটি বাড়িতে আরিফকে দেখতে পান। এ সময় সিয়ামের বিষয়ে জানতে চাইলেও আরিফ কোনো কথা বলেননি বলে দাবি করেন তিনি।
পরে ১৩ নভেম্বর ছেলের নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মুন্নী বেগম। পরদিন সকালে নদীতে ছেলের মরদেহ ভাসার খবর পান। তার দাবি, সিয়ামের মাথা ও ঘাড়ের পেছনে আঘাতের চিহ্ন ছিল। মরদেহ উদ্ধারের পর এলাকাবাসী তার স্বামীকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করেন।
নিহতের চাচা পলাশ বলেন, বাবা-ছেলে একসঙ্গে মাছ ধরতে যাওয়ার পর দুজনই নিখোঁজ ছিলেন। পরদিন সকালে গোবিন্দকাঠি এলাকায় আরিফকে পাওয়া গেলেও সিয়ামের কোনো খোঁজ মেলেনি। শনিবার নদীতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তার মাথা, ঘাড় ও পিঠের পেছনে কোপের মতো জখমের চিহ্ন ছিল বলে দাবি করেন তিনি।
রাজবাড়ী লঞ্চঘাট থেকে শেহাংগল লঞ্চঘাটে খেয়া পারাপারের মাঝি জসিম জানান, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে খেয়া পারাপারের সময় লঞ্চ টার্মিনালের সামনে নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়দের খবর দিলে তারা এসে মরদেহটি সিয়ামের বলে শনাক্ত করেন।
রাজবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আসাদুজ্জামান খোকন জানান, বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে সিয়াম নিখোঁজ হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন। শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মাথা, ঘাড় ও পিঠের পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।
নেছারাবাদ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার সরদার জানান, মরদেহ উদ্ধারের সময় শিশুটির মাথা, ঘাড় ও পিঠের পেছনে জখমের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বাবা পুলিশ হেফাজতে রয়েছেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গত ১২ নভেম্বর বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় সিয়াম। শুক্রবার এ ঘটনায় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। শনিবার সকালে সন্ধ্যা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা আরিফ রাঢীকে থানায় আনা হয়। পরে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম