গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের অবসান হচ্ছে না। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে চলা আন্দোলন রোববারও অব্যাহত রয়েছে। শ্রমিকদের সড়ক অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে কালিয়াকৈরের সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা যায়। অন্যদিকে চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় কয়েকটি ফুটপাতের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে একটি বাসে আগুন দেওয়ার খবরও পাওয়া গেছে।
জানা গেছে, রোববার সকালে কাজে যোগ দিতে এসে সাতটি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে পল্লী বিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন এবং সফিপুর ও রতনপুর এলাকার কয়েকটি কারখানা রয়েছে। এর মধ্যে করণী ফ্যাশনস লিমিটেড ও করণী নিট কম্পোজিট লিমিটেডও রয়েছে।
কারখানা বন্ধের খবর পেয়ে কাজে যোগ দিতে আসা অনেক শ্রমিক বাড়ি ফিরে যান। আবার কেউ কেউ দীর্ঘ সময় কারখানার সামনে অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন হাজারো শ্রমিক।
কারখানা বন্ধের মধ্যেও শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। রোববার সকালে মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে এলেও এর সমাধান হয়নি। এর মধ্যে কারখানা বন্ধ ঘোষণা করায় কর্মসংস্থান ও পরিবারের ভরণপোষণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা কারখানা চালু রাখা, বেতন বৃদ্ধি এবং স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষোভ মৌচাক ও সফিপুর এলাকাতেও ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এদিকে শ্রমিক অসন্তোষের পাশাপাশি চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি ফুটপাতের দোকানে অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসেও আগুন দিয়েছে। এসব ঘটনায় শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
শ্রমিক অসন্তোষ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, বিজিবি, আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকেও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দেওয়া হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের বিষয়টি শিল্প পুলিশ পর্যবেক্ষণ করছে। রোববারও কয়েকটি কারখানার শ্রমিক হঠাৎ সড়কে নেমে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি বিবেচনায় কিছু কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে বন্ধ হওয়া কারখানাগুলোর নোটিশ এখনো সবগুলো পুলিশের হাতে পৌঁছায়নি। নোটিশ পাওয়া গেলে কোন কোন কারখানা বন্ধ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষের কারণে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম