জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি, শিশু-কিশোরদের সুরক্ষা এবং পুলিশের ক্ষমতা বাড়ানোর প্রস্তাবিত আইন বাতিলের দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। শনিবার (১৪ নভেম্বর) টানা পঞ্চম সপ্তাহের মতো রাজপথে নামেন ইয়েলো ভেস্ট আন্দোলনকারী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
রাজধানী প্যারিসে বিক্ষোভকারীদের বড় একটি অংশ জড়ো হন প্লাস দ্য লা রিপাবলিক চত্বরে। দেশটিতে আন্দোলন ও সমাবেশের জন্য দীর্ঘদিন ধরে এটি একটি পরিচিত ও প্রতীকী স্থান।
শিক্ষার্থী ইউনিয়ন সিন্ডিক্যাল লিসেনের সহমহাসচিব মারিয়ুস মেসনিল বলেন, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক, নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ চান। তিনি বলেন, প্রতি বছর শিক্ষার পরিবেশের অবনতি হলেও শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হতে চান না।
এক মাসের বেশি সময় ধরে ফ্রান্সের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবরোধ ও বিক্ষোভ চলছে। শনিবারের কর্মসূচিতে দেশজুড়ে প্রায় ১ লাখ ৬ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে প্যারিসে ছিলেন ২৪ হাজার। তবে আয়োজকদের দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল ২ লাখ এবং রাজধানীতে অংশ নিয়েছেন ১ লাখ মানুষ।
সাম্প্রতিক কর্মসূচিগুলোর তুলনায় শনিবারের বিক্ষোভে উপস্থিতি কম ছিল। গত বৃহস্পতিবার শ্রমিক ইউনিয়নগুলোর ডাকা ধর্মঘট ও বিক্ষোভে দেশজুড়ে পাঁচ লাখের বেশি মানুষ অংশ নিয়েছিলেন।
এদিকে আগামী মঙ্গলবার আবারও দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক ইউনিয়নগুলো। সরকার ন্যূনতম মজুরি ০ দশমিক ৬ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও ইউনিয়নগুলো তা প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, এই বৃদ্ধি জীবনযাত্রার ব্যয়ের তুলনায় যথেষ্ট নয়।
ইয়েলো ভেস্ট আন্দোলনের সদস্য বেঞ্জামিন বল বলেন, সরকার শ্রমজীবী মানুষকে সামান্য সুবিধা দিয়েছে, অথচ তারা আরও বেশি অধিকার ও সুযোগ-সুবিধা চান।
বিক্ষোভকারীরা পুলিশের আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত আইনি সুরক্ষা দেওয়ার প্রস্তাবিত একটি নতুন বিলেরও বিরোধিতা করেছেন। বিলটি পাস হলে দায়িত্ব পালনের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারকারী পুলিশ কর্মকর্তা ও জেনদার্মদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বাড়তি সুরক্ষা তৈরি হবে।
বিলটির সমর্থকদের মধ্যে রয়েছেন মেরিন লো পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি দল। তাদের যুক্তি, দায়িত্ব পালনের সময় অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে অপরাধী হিসেবে বিবেচনা করা উচিত নয়।
তবে শ্রমিক ও শিক্ষার্থী ইউনিয়নগুলোর অভিযোগ, প্রস্তাবিত আইনটি কার্যকর হলে পুলিশের জবাবদিহি নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। তাদের আশঙ্কা, এর ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য দায়মুক্তির সুযোগ আরও বাড়বে।
শিক্ষার্থী ইউনিয়নের মুখপাত্র সাবরিন খারবাখ বলেন, প্রস্তাবিত আইনে কোনো পুলিশ কর্মকর্তা গুলি চালালে প্রাথমিকভাবে ধরে নেওয়া হবে, তিনি আইন মেনেই দায়িত্ব পালন করেছেন। এতে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের বিচার বাধাগ্রস্ত হতে পারে।
দক্ষিণ ফ্রান্সের তুলুজ শহরে বিক্ষোভে অংশ নেওয়া ২৮ বছর বয়সী কেনজা বলেন, বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যখন এর সঙ্গে শিশুরাও জড়িয়ে পড়ে।
এর আগে গত সপ্তাহে ফ্রান্সের সাম্প্রতিক বিক্ষোভে আহত অন্তত ১৮ জনের আইনজীবীরা পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
আইনজীবীদের অভিযোগ, বিক্ষোভে পুলিশের বলপ্রয়োগে অনেকের হাত, পা ও চোখে গুরুতর আঘাত লেগেছে। কেউ কেউ স্থায়ীভাবে অঙ্গহানির শিকার হয়েছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম