মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানির শারীরিক অবস্থার এখনো উন্নতি হয়নি। অসুস্থ হওয়ার পর থেকে তার শারীরিক দুর্বলতাও কাটেনি। তার দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় দেশবাসীসহ সর্বস্তরের মুসলমানের কাছে দোয়া চেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
শনিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, মাওলানা আরশাদ মাদানি বেশ কয়েক দিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপর থেকে তার দুর্বলতা কাটেনি।
বাহাউদ্দীন যাকারিয়া বলেন, মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি উপমহাদেশের একজন বরেণ্য আলেম ও প্রাজ্ঞ দ্বীনি ব্যক্তিত্ব। ইলম, আমল, ইখলাস, দ্বীনি প্রজ্ঞা ও দূরদর্শিতার সমন্বয়ে তিনি মুসলিম সমাজে বিশেষ মর্যাদার অধিকারী।
তিনি আরও বলেন, ইসলামের প্রচার-প্রসার, মুসলিম উম্মাহর দিকনির্দেশনা, ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা এবং নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় মাওলানা আরশাদ মাদানির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার নেতৃত্ব ও দ্বীনি ভূমিকা উপমহাদেশের মুসলিম সমাজে বিশেষ মর্যাদার আসন তৈরি করেছে।
একজন বরেণ্য আলেম ও অভিভাবক হিসেবে তার অসুস্থতা মুসলিম উম্মাহর জন্য উদ্বেগের বিষয় উল্লেখ করে বাহাউদ্দীন যাকারিয়া বলেন, উম্মাহর জন্য তার অভিভাবকত্ব, দিকনির্দেশনা ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিবৃতিতে তিনি দেশবাসী, আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসলমান, ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মাওলানা আরশাদ মাদানির দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম