কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বিশেষ অভিযানে সন্ত্রাসী সংগঠন আরসার সেকেন্ড-ইন-কমান্ড নূর হোসেনসহ সংগঠনটির দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৭-এর গোলঘরের পাশের একটি চায়ের দোকানের সামনের সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএমের সার্বিক নির্দেশনায় ব্যাটালিয়নের একটি আভিযানিক দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আরসার সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত নূর হোসেন (৩১)। তিনি উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/২৮ ব্লকের বাসিন্দা। অপরজন আরসার সদস্য মো. জুনায়েদ (২৩)। তিনি একই ক্যাম্পের এফ/২১ ব্লকের বাসিন্দা।
৮ এপিবিএন সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজন উখিয়া থানায় দায়ের করা একটি মামলার (মামলা নম্বর-৭০, তারিখ ২৫ অক্টোবর ২০২৬) এজাহারভুক্ত আসামি। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় অভিযোগ রয়েছে।
অভিযান শেষে গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।