মনজুরুল ইসলাম ।। সিরাজগঞ্জ সংবাদদাতা
২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালী আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, "কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আনতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এবারও রবি মৌসুমে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার প্রদান করা হচ্ছে। কোনো প্রকৃত কৃষক যেন সরকারি এই প্রণোদনা থেকে বঞ্চিত না হয়, সেদিকে সংশ্লিষ্ট সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।"
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ শুভ'র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাবাব ফারহান।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ জাহিদুল হক মুক্তার, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ নাজিম উদ্দীন, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব মোঃ আলম প্রামানিক, বেলকুচি রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মোঃ রেজাউল করিম সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে সরিষা,চিনাবাদাম, মসুর ও খেসারি ফসলের বীজ ১১,০৫০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।