মোঃ হাসান মাহমুদ জয় ।। কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
কুড়িগ্রামে ধরলা নদীর পূর্বপাড়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছ থেকে নিয়ম মেনে বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য নিজ নামে লিজ নেওয়া ০.৯৩ একর জমির সীমানা পরিমাপের মাধ্যমে বুঝে পেয়েছেন লিজগ্রহীতা মোঃ ফরহাদ হোসেন। জমির সীমানা নির্ধারণ ও বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই নদীভাঙন ও বন্যার পানির ক্ষয়ক্ষতি থেকে জমি রক্ষায় উপস্থিত সবার সামনে প্রটেকশন নির্মাণের কাজ শুরু করেন তিনি।
নদীসংলগ্ন এলাকায় অবস্থিত হওয়ায় জমিগুলো বর্ষা মৌসুমে বন্যার পানি ও নদীর প্রবল স্রোতে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে পানির চাপ ও স্রোতের কারণে নদীতীরবর্তী জমির মাটি ধসে পড়া এবং ভাঙনের আশঙ্কা থাকে। এ পরিস্থিতি বিবেচনায় জমির স্থায়িত্ব, সীমানা ও নিরাপত্তা নিশ্চিত করতে শুরু থেকেই সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন লিজগ্রহীতা ফরহাদ হোসেন।
জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়, ১৪১-১৪৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ থেকে সংশ্লিষ্ট জমি বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য নিয়মতান্ত্রিকভাবে লিজ নেওয়া হয়েছে। লিজসংক্রান্ত কাগজপত্রে জমির বিবরণ হিসেবে এল.এ. কেস নং- ৮/২, ইং এস/এ দাগ নং- ১৮৩, ১৮৪৬২৫৩ এবং জমির পরিমাণ ০.৯৩ একর উল্লেখ রয়েছে।
জমিটির লিজগ্রহীতা মোঃ ফরহাদ হোসেন, হাসপাতালপাড়া, কুড়িগ্রাম। নির্ধারিত প্রক্রিয়ায় জমির সীমানা পরিমাপ করে বুঝে পাওয়ার পরপরই তিনি এর সুরক্ষায় প্রটেকশন নির্মাণকাজ শুরু করেছেন। নদীর কাছাকাছি অবস্থিত জমির সম্ভাব্য ভাঙন ও বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় আগাম সুরক্ষাব্যবস্থা গ্রহণের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।