শাকুর মাহমুদ চৌধুরী, কক্সবাজারঃ
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৪ ইউনিট
মঙ্গলবার (১০ নভেম্বর-২০৩৬) সকাল ৬টার দিকে কলাতলীর সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের হোটেল ও বসতবাড়ি থেকে লোকজন বেরিয়ে নিরাপদ স্থানে অবস্থান নেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করছেন।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট প্রয়োজনীয় নির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে বিস্তারিত জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুনের খবর ছড়িয়ে পড়ার পর এসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বসতবাড়ির বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। তারা সড়কে অবস্থান নেন।
এদিকে কক্সবাজারের পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত ১৭ অক্টোবর মেরিন ড্রাইভ-সংলগ্ন উখিয়ার ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন পর্যটকের মৃত্যু হয়। ওই ঘটনার ছয় দিন পর, ২৩ অক্টোবর কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসেও আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।