নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক ছাত্রদল নেতা রাকিব হাসান রিফাত (২২) ও তার সহযোগী জাহিদ হাসান রনি (৩০) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল টাইগার রুলিং মিলস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
গ্রেপ্তার রাকিব হাসান রিফাত শিমরাইল এলাকার মুন্সীবাড়ির মৃত হাসান পারভেজ মুন্সীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। অপর গ্রেপ্তার জাহিদ হাসান রনি শিমরাইল দক্ষিণপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। পরে রিফাতের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ও নগদ ৫২ হাজার ১৫০ টাকা এবং রনির কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম