বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি এবং হজ ও ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে সৌদি আরব। কোনো দেশ তাদের জন্য বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে ব্যর্থ হলে অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়েও অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছে দেশটি।
গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। শনিবার (১৪ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের ধর্মমন্ত্রী সৌদি আরবের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন এবং পবিত্র হজ ব্যবস্থাপনায় দেশটির উদ্যোগ ও সেবার প্রশংসা করেন। বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি সরকারের অব্যাহত সহযোগিতায় কৃতজ্ঞতা জানিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
ধর্মমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও সুদৃঢ় হবে।
জবাবে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ বলেন, কোনো দেশ তাদের জন্য বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে না পারলে বা পুরোপুরি ব্যবহার না করলে অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।’
এ ছাড়া হজ ব্যবস্থাপনা, ওমরাহ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন সৌদি মন্ত্রী।
বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম ও কনসাল (হজ) মো. মাজহারুল ইসলাম।
বৈঠকটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত সুযোগ সৃষ্টি এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম