সুস্থ থাকতে হলে প্রতিদিনের জীবনযাপনে শরীরচর্চাকে অভ্যাসে পরিণত করতে হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে প্রবীণ নাগরিকদের নিয়ে নিয়মিত শরীরচর্চা ও প্রাতঃভ্রমণবিষয়ক সংগঠন ‘গুডমর্নিং বোদা’র শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সুস্থতার পথে একসঙ্গে প্রতিদিন’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনি নিজেও প্রবীণ নাগরিকদের সঙ্গে শরীরচর্চা ও বিভিন্ন কসরতে অংশ নেন। পাশাপাশি উপস্থিত ব্যক্তিদের ব্যায়ামের বিভিন্ন পদ্ধতি করে দেখান।
প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত শরীরচর্চা ও প্রাতঃভ্রমণ মানুষকে শুধু শারীরিকভাবে সুস্থ রাখে না, বরং মানসিক প্রশান্তিও দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিকভাবে সচল থাকা আরও বেশি জরুরি হয়ে পড়ে। তাই সবাইকে প্রতিদিন সকালে কিছুটা সময় হাঁটাহাঁটি ও শরীরচর্চার জন্য বরাদ্দ রাখার আহ্বান জানান তিনি।
গুডমর্নিং বোদা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়ের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন বয়সের নাগরিকরা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবীণ নাগরিকরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নিয়মিত কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে সুস্থ থাকার আশাও প্রকাশ করেন তারা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম