আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ অনুযায়ী, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে ৩০ দিনের মধ্যে আবেদন করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে পলাতক আসামির আর আপিলের সুযোগ থাকে না। এ সময়সীমা মওকুফেরও কোনো আইনি বিধান নেই।
তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। এখন প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত ভারতের।
সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ উপঅনুচ্ছেদের প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের ক্ষেত্রে মৌলিক অধিকারের দাবির সুযোগও সীমিত করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে। এ ধারার উপধারা (১) অনুযায়ী, দণ্ডিত ব্যক্তি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারেন। তবে উপধারা (৩) অনুযায়ী, দণ্ডাদেশ, খালাসের আদেশ বা সাজা ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। ২০১৩ সালের সংশোধনীর মাধ্যমে ধারাটির বর্তমান বিধান যুক্ত করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে দেশের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ কাজে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, তদন্ত দল ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে। তাদের কাজে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া নিয়েও কথা বলেন আসাদুজ্জামান। তিনি জানান, এ বিষয়েও তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে।
সাক্ষী সুরক্ষার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি সরকার পর্যালোচনা করছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম