সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে জৈন্তাপুর উপজেলার রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মজিবুর রহমান রুহিত (২৬)। তিনি সিলেট মহানগরীর শাহপরান থানাধীন খাদিম চৌমুহনী শাহ এলাকার রাজা মিয়ার ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সদস্য। এ ছাড়া তিনি সিলেট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমের ভাগনে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
তিনি বলেন, অভিযান চালিয়ে মজিবুর রহমান রুহিতকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তবে কোন কোন মামলায় তিনি অভিযুক্ত এবং মামলাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম