বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।
সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম