দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের জাকেরগঞ্জ জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—জগন্নাথপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ইশরাত জাহান রিভা (৮) এবং একই গ্রামের মো. রানা বাবুর ছেলে সালমান শাহ (৪)। সম্পর্কে তারা খালা-ভাগিনা।
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নৃপেন্দ্র নাথ বর্মণ জানান, বাড়ির পাশেই খেলাধুলা করতে পুকুরপাড়ে গিয়েছিল দুই শিশু। শুক্রবার সকালে তারা বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে সালমান শাহর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। কিছুক্ষণ পর রিভার মরদেহও পানিতে ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম