কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২২৫ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার হওয়া যুবদল নেতা মোজাম্মেল হক ভূঁইয়াকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য এনামুল হক মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত মোজাম্মেল হক উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ারুল হক ও সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। একই সঙ্গে বহিষ্কৃত নেতার অপকর্মের দায় দল নেবে না বলে জানানো হয়েছে। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের অনন্তপুর এলাকার একটি মৎস্য খামার থেকে মোজাম্মেল হক ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পরে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম