বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ডালপালা ছাঁটাই ও রক্ষণাবেক্ষণ কাজের উদ্যোগ নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এ কারণে শনিবার (১৪ নভেম্বর) রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় টানা ৯ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৩ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নেসকো।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুড়িগ্রাম শহরসহ জেলার নেসকোর আওতাধীন সব এলাকায় শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় ৩৩ কেভি সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউজ, বিজিবি, মোগলবাসা ও মেডিকেল পাড়াসহ বিভিন্ন এলাকার ১১ কেভি বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এ জন্য কুড়িগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, নির্ধারিত ১০ ঘণ্টার আগেই কাজ শেষ হতে পারে। তবে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কিছুটা বেশি সময় লাগতে পারে।
অন্যদিকে, নেসকোর অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রংপুর নগরীর নুরপুর ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো—বিকন মোড়, ঠিকাদারপাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নুরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নাসারী, মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামালকাছনা, চিরার মিল, ভ্যাট অফিস, জি এল রায় রোড এবং আড়ং শোরুমসংলগ্ন এলাকা।
নেসকো জানিয়েছে, এসব এলাকায় গাছের শাখা-প্রশাখা ছাঁটাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কারণে নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম