জাতিসংঘের কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাওয়ার পথে মাঝ আকাশে চরম আতঙ্কের মুখে পড়েছিলেন বাংলাদেশি জ্যেষ্ঠ সাংবাদিক এম. মোশাররফ হোসাইনসহ কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের যাত্রীরা। উড্ডয়নের মাত্র ২০ মিনিটের মাথায় বিমানটি তীব্র ঝাঁকুনির কবলে পড়ে এবং ৯ হাজার ফুট উচ্চতা থেকে নেমে আসে সাড়ে ৪ হাজার ফুটে। এতে ফ্লাইটের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরবর্তী সময়ে পাইলটের দক্ষতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে বিমানটি নিরাপদে কাতারে অবতরণ করে। শুক্রবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে ভয়াবহ এই অভিজ্ঞতার কথা জানান জ্যেষ্ঠ সাংবাদিক এম. মোশাররফ হোসাইন।
জানা গেছে, গত ৯ নভেম্বর কাতার এয়ারওয়েজের QR643 ফ্লাইটে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে রাত ১০টায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার হয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি।
তবে উড্ডয়নের মাত্র ২০ মিনিটের মাথায় হঠাৎ বিমানটি প্রচণ্ড ঝাঁকুনি ও দুলুনির কবলে পড়ে। একপর্যায়ে উড়োজাহাজটি প্রায় ৯ হাজার ফুট উচ্চতা থেকে নেমে সাড়ে ৪ হাজার ফুটে চলে আসে। আকস্মিক এ ঘটনায় যাত্রীদের মধ্যে বিমানটির নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা তৈরি হয়।
পরিস্থিতিতে পুরো কেবিনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের চিৎকার, আর্তনাদ ও কান্নায় ভারী হয়ে ওঠে বিমানের পরিবেশ। কেউ ভয়ে চিৎকার করছিলেন, কেউ সৃষ্টিকর্তাকে ডাকছিলেন, আবার কেউ আতঙ্কে নির্বাক হয়ে বসেছিলেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রিয়জনদের মুখ চোখের সামনে ভেসে উঠছিল বলে জানান এম. মোশাররফ হোসাইন।
তবে শেষ পর্যন্ত পাইলটের সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। ধীরে ধীরে বিমানের অবস্থা স্বাভাবিক হয়ে আসে এবং ফ্লাইটটি নিরাপদে কাতারে অবতরণ করে।
বিমান থেকে নেমে নতুন জীবন ফিরে পাওয়ার অনুভূতি প্রকাশ করে এই সাংবাদিক জানান, পৃথিবীর সব অর্জন, ব্যস্ততা কিংবা পেশাগত সাফল্যের চেয়ে একটি নিরাপদ জীবন যে কত বেশি মূল্যবান, তা এই অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছেন তিনি। ঢাকার আকাশে কাটানো সেই ভয়ংকর স্মৃতি হৃদয়ে স্থায়ী দাগ কেটে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমানে কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তিনি তুরস্কে অবস্থান করছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম