ফিলিস্তিনের গাজা উপত্যকার আটক ১৪ চিকিৎসকের মুক্তি চেয়ে করা দুটি আবেদন খারিজ করে দিয়েছেন ইসরায়েলের আদালত। মানবাধিকার সংস্থা ‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল’ (পিএইচআরআই) এ তথ্য জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আটক চিকিৎসকদের মধ্যে কয়েকটি হাসপাতালের পরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসকও রয়েছেন। তাঁদের কাউকে কাউকে দুই বছরের বেশি সময় ধরে কোনো অভিযোগ গঠন বা বিচার ছাড়াই ইসরায়েলের কারাগারে আটকে রাখা হয়েছে বলে দাবি করেছে পিএইচআরআই।
সংস্থাটির মতে, এসব চিকিৎসককে আটক রাখার ফলে গাজায় রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিনের যুদ্ধের কারণে উপত্যকাটির স্বাস্থ্যব্যবস্থা এমনিতেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর তীব্র সংকটে রয়েছে।
পিএইচআরআইয়ের কর্মকর্তা নাজি আব্বাস বলেন, আদালতের এই রায় ইসরায়েলে আটক ফিলিস্তিনি চিকিৎসকদের অধিকার লঙ্ঘনের মাত্রা এবং তাঁদের অধিকার সুরক্ষায় ইসরায়েলি আদালতের ব্যর্থতা তুলে ধরেছে।
তিনি আরও বলেন, পরিচয় বা নিরাপত্তাসংক্রান্ত অভিযোগের ভিত্তিতে কোনো আটক ব্যক্তিকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা উচিত নয়। বিচার ছাড়াই চিকিৎসকদের কারাগারে আটকে রাখা এবং একই সঙ্গে তাঁদের মৌলিক চিকিৎসাসেবা না দেওয়ার বিষয়টিও গ্রহণযোগ্য নয়।
মানবাধিকার সংস্থাটি আটক চিকিৎসকদের মুক্তি দেওয়ার পাশাপাশি তাঁদের অধিকার ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম