বার্ধক্যের ভারে শরীর আর আগের মতো চলে না। চোখের দৃষ্টিও ঝাপসা হয়ে এসেছে। জীবনের এই বয়সে যেখানে একটু বিশ্রামে থাকার কথা, সেখানে মানসিক ভারসাম্যহীন মেয়ে ও নাতির মুখে খাবার তুলে দিতে দ্বারে দ্বারে ভিক্ষা করে দিন কাটাচ্ছেন বৃদ্ধা মমতাজ বেগম।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাজুখান এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন তিনি। দীর্ঘ ১৬ বছর ধরে মানসিক ভারসাম্যহীন মেয়ে ও নাতিকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মমতাজ।
একসময় মেয়ে সালেহা আক্তারকে ঘিরে অনেক স্বপ্ন ছিল মমতাজের। লেখাপড়া শেষ করে মেয়ে বড় হবে, পরিবারের মুখ উজ্জ্বল করবে—এমন প্রত্যাশা ছিল তাঁর। ডিগ্রি পাস করে সেই স্বপ্ন পূরণের পথে এগিয়েও গিয়েছিলেন সালেহা। রাজধানীর অগ্রণী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় চাকরিও করেন তিনি। পরে পারিবারিক সম্মতিতে বিয়ে হয় তাঁর।
কিন্তু এক গভীর রাতে ঘুম থেকে চমকে উঠে ‘আগুন আগুন’ বলে চিৎকার করতে শুরু করেন সালেহা। এরপর ধীরে ধীরে তাঁর মানসিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। মেয়ের এমন পরিস্থিতিতে স্বজনরাও মুখ ফিরিয়ে নেন। তিন মাস বয়সী সন্তানসহ সালেহাকে ছেড়ে চলে যান তাঁর স্বামী।
মেয়ের নিরাপত্তা ও আচরণ নিয়ন্ত্রণে রাখতে নিরুপায় হয়ে তাঁকে ঘরের ভেতর শিকল দিয়ে বেঁধে রাখেন মা মমতাজ। আর নাতিকে ঘরে আটকে রেখে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করেন তিনি। একসময় ব্যাংকে চাকরি করা শিক্ষিত মেয়ের এমন বন্দিজীবন দেখে প্রতিনিয়ত কষ্ট পান বৃদ্ধা মা।
মমতাজ বেগম বলেন, ‘আমার মেয়ে এবং নাতি দুজনেই মানসিক ভারসাম্যহীন। মেয়েটা আগে ভালো ছিল। তখন তার বিয়ে হয়েছিল। মানসিক ভারসাম্য হারানোর পর তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। আমার মেয়ের ঘরে এক নাতি আছে, সেও অসুস্থ। ঘরে উশৃঙ্খল আচরণ করে বলে মেয়েকে শিকল দিয়ে বেঁধে রাখি। নাতিকে ঘরে আটকে রেখে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে কোনোভাবে দিন পার করছি।’
তিনি আরও বলেন, ‘চার মাসের ঘরভাড়া বাকি আছে। বাড়িওয়ালাও তাগাদা দিচ্ছেন। আমি মারা গেলে আমার মেয়ে আর নাতি কোথায় যাবে? তাদের তো যাওয়ার কোনো জায়গা নেই।’
মমতাজ জানান, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিভিন্ন জটিলতার কারণে সরকারি প্রতিবন্ধী বা বয়স্ক ভাতার কোনো সুবিধাই তাঁরা পাচ্ছেন না। ফলে অসুস্থ মেয়ে ও নাতিকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাঁর।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম