সিরাজগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বুধবার (১১ নভেম্বর) বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও দিয়ার পাঁচিল গ্রামের মৃত ফটিক মণ্ডলের ছেলে মোহাম্মদ রফিক মণ্ডল (৫৪) এবং সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাটিকাবাড়ী গ্রামের সানোয়ার হোসেনের ছেলে রাকিবুল ইসলাম ওরফে সাকিব (২৪)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) খোকশাবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম