জ্বালানি খাতে নিজস্ব সম্পদের ব্যবহার বাড়ানো, বৈদেশিক নির্ভরতা কমানো এবং পোশাকশিল্পসহ অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোকে নীতিগত সহায়তা দিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি জানান, সৌরবিদ্যুৎ খাত থেকে দ্রুত সময়ের মধ্যে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার।
বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল রেনেসাঁয় গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত ‘সাসটেইনেবিলিটি ডে ২০২৬: নিউ ফ্রন্টিয়ার্স ফর গ্রোথ’ শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মাহ্দী আমিন বলেন, জ্বালানি রূপান্তরকে উৎসাহিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন নীতিগত সহায়তা দেওয়া শুরু করেছে। এর অংশ হিসেবে বাজেটে সৌরবিদ্যুৎ প্রকল্প ও সোলার প্যানেল উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কর অব্যাহতি এবং বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং স্বয়ংসম্পূর্ণ সরবরাহ ব্যবস্থা ও শক্তিশালী ভ্যালু চেইন গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
জাতীয় জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিত করার উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশে নিজস্ব গ্যাসকূপ অনুসন্ধান, নতুন এফএসআরইউ স্থাপন এবং কয়লার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। আন্তর্জাতিক অংশীদারদের কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে আমদানিনির্ভরতা কমানো এবং নিজস্ব সম্পদের মাধ্যমে টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার।
তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে টেকসই জ্বালানি ব্যবস্থার সুস্পষ্ট রূপরেখা নিয়ে কাজ চলছে। নবায়নযোগ্য ও পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সৌরবিদ্যুৎ অন্যতম গুরুত্বপূর্ণ খাত।
সৌরবিদ্যুতের পাশাপাশি বর্জ্যকে সম্পদে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন মাহ্দী আমিন। তিনি বলেন, শিল্পবর্জ্য, অপরিশোধিত পানি ও রাসায়নিক বর্জ্য প্রক্রিয়াজাত করে বিদ্যুৎ, গ্যাস ও পুনর্ব্যবহারযোগ্য পানি উৎপাদন সম্ভব। বর্জ্যকে শুধু অপসারণের বিষয় হিসেবে না দেখে অর্থনৈতিক সম্পদে পরিণত করতে প্রতিটি শিল্প খাতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
পোশাকশিল্পকে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে এ শিল্পের সূচনা হয়েছিল। শিল্পের বিকাশ ও সুরক্ষায় নীতিগত সহায়তার ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকার কাজ করছে।
বৈশ্বিক মানদণ্ড অনুসরণ, আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে পোশাকশিল্পকে আরও স্বাবলম্বী করতে সব ধরনের নীতিগত সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেন মাহ্দী আমিন।
দেশে প্রায় ৩০০টি ‘লিড সার্টিফায়েড’ পরিবেশবান্ধব সবুজ কারখানা গড়ে ওঠার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কারখানা বিশ্বমঞ্চে বাংলাদেশের সৃজনশীলতা, পরিবেশবান্ধব শিল্পায়ন ও কাঠামোগত সক্ষমতার পরিচয় তুলে ধরছে।
সুশাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার আইনের শাসন, সামাজিক সুবিচার ও সাম্যভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে। বন্দর থেকে শুল্ক ব্যবস্থা পর্যন্ত প্রতিটি সেবা প্রদানকারী সংস্থাকে সময়োপযোগী সংস্কার ও জবাবদিহির আওতায় আনা হচ্ছে।
সম্মেলনে টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সুরক্ষা, ব্যক্তির ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা, নতুন সম্ভাবনাময় শিল্পের বিকাশ এবং সুশাসন ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা—এই চারটি স্তম্ভ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান, ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম