কোনো অনুতাপ, অনুশোচনা কিংবা ক্ষমা প্রার্থনা ছাড়াই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একতরফাভাবে ক্ষমা করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে নির্যাতন-নিপীড়নের পরও বিরোধীদলীয় নেতার এমন ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক ও গ্রহণযোগ্য নয় বলে মনে করে জনগণ।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব দেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, গতকাল বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু বক্তব্য দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি সংসদে নিজের অবস্থান তুলে ধরছেন।
বিরোধীদলীয় নেতার আগের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকার একটি অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান রাজনৈতিকভাবে যারা তাদের ওপর জুলুম-নির্যাতন করেছে, তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে নির্যাতন-জুলুমের পরও কোনো অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা ছাড়াই তাদের একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক নয় বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, তিনি বারবার ফ্যাসিবাদ ও ফ্যাসিস্ট শব্দ ব্যবহার পছন্দ করেন না। তার ভাষায়, ‘এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।’
দেশে সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনাগুলোর প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
এ সময় ২০০৪ সালের ৪ জুন আওয়ামী লীগের হরতালে রাজধানীর শাহবাগে বিআরটিসির একটি দোতলা বাসে অগ্নিসংযোগের ঘটনার কথা উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ওই ঘটনায় বাসের যাত্রীরা আগুনে দগ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। সব মিলিয়ে ওই ঘটনায় ১১ জন প্রাণ হারান।
ঘটনাটির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউটিউবে সার্চ দিলেই এ ঘটনার স্বীকারোক্তি পাওয়া যাবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের জবানবন্দিও সেখানে রয়েছে বলে দাবি করেন তিনি।
সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার ব্যক্তিদের গোপন বৈঠকের সঙ্গে এসব উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।
সালাহউদ্দিন আহমদ আরও অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের নেত্রী অডিও-ভিডিও কলে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন। জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাদের বাড়িঘর ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
বক্তব্যের শেষাংশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার উদাহরণ টেনে তিনি এ মন্তব্য করেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম