ফেনী পৌরসভার পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে আহমেদুর রহমান আকাশ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের রেনু মিয়া কলোনির পাশে মায়ের দোয়া শান্তি মহল ভবনে এ ঘটনা ঘটে। তবে কীভাবে তিনি ছাদ থেকে পড়ে গেছেন, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নিহত আকাশ চট্টগ্রামের মিরসরাই উপজেলার আজমনগর এলাকার বাসিন্দা। তিনি নেসলে কোম্পানিতে চাকরি করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ভবনে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি।
স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন পায়েল পাটোয়ারী জানান, পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় একটি ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে পুলিশকে দেখতে পান। কী কারণে ওই যুবক ছাদ থেকে পড়ে মারা গেছেন, তা এখনো জানা যায়নি। আশপাশের লোকজনের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, নিহতের স্ত্রী সন্তানসম্ভবা।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল করিম জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে ছাদ থেকে পড়ে এক যুবককে মৃত অবস্থায় দেখতে পান। তার মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ভবনে তার বাসা তালাবদ্ধ ছিল। তার স্ত্রী গ্রামের বাড়িতে রয়েছেন। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসার পথে রয়েছেন।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম