ভূমধ্যসাগরের কোলঘেঁষা তুরস্কের ঐতিহাসিক শহর আনতালিয়া এখন বিশ্বজুড়ে পরিবেশকর্মী, জলবায়ু বিজ্ঞানী ও নীতিনির্ধারকদের পদচারণায় মুখর। প্রাচীন রোমান ও অটোমান স্থাপত্যের ঐতিহ্যবাহী এ পর্যটন নগরীতে বসেছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা একত্র হয়েছেন এখানে।
ম্যাক্স রয়েল হোটেলের কূটনৈতিক সভাকক্ষ থেকে শুরু করে আনতালিয়ার রাজপথ—সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু জলবায়ু সংকট। বিশ্বনেতাদের কাছে কার্যকর পদক্ষেপের দাবি জানাতে শহরটিতে জড়ো হয়েছেন পরিবেশকর্মী, গবেষক, তরুণ আন্দোলনকারী ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
গত সোমবার (৯ নভেম্বর) আনতালিয়া এক্সপো সেন্টারে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক ৩১তম সম্মেলন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, গবেষক ও প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মঙ্গলবার আনতালিয়ায় পৌঁছেছে।
এবারের সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
মঙ্গলবার আনতালিয়া এক্সপো সেন্টারে স্থানীয় সময় সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন হয়। স্বাগতিক তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম সম্মেলনে সভাপতিত্ব করছেন। অন্যদিকে, আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন। ১১ দিনব্যাপী এ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
বিশ্ববাসীর দৃষ্টি এখন আনতালিয়ায়
সবুজে ঘেরা আনতালিয়া শহরের একদিকে ভূমধ্যসাগরের নীল জলরাশি, অন্যদিকে প্রাচীন স্থাপত্য ও মনোরম প্রাকৃতিক পরিবেশ। এমন পরিবেশের মধ্যেই এখন চলছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক আলোচনা।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সম্মেলনস্থলে গিয়ে দেখা যায়, বিভিন্ন দেশের পরিবেশকর্মী, সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও গবেষকদের উপস্থিতিতে মুখর পুরো এলাকা।
নেদারল্যান্ডস থেকে আসা পরিবেশকর্মী রিচার্ড জুলিয়াস বলেন, আনতালিয়া অসাধারণ সুন্দর একটি শহর। তিনি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে এসেছেন। তার ভাষ্য, সম্মেলনের আলোচনায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়টি গুরুত্ব পেয়েছে।
যে কারণে সম্মেলনস্থল হিসেবে আনতালিয়া
তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত আনতালিয়া। ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে শহরটির ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিমানবন্দর, উন্নত যোগাযোগব্যবস্থা, পর্যাপ্ত হোটেল এবং বড় পরিসরে সম্মেলন আয়োজনের সুযোগ থাকায় আন্তর্জাতিক আয়োজনের জন্য শহরটি উপযুক্ত।
তুরস্কের ইস্তাম্বুলের সাবানচি ইউনিভার্সিটির শিক্ষার্থী ও পাকিস্তানি নাগরিক শাহবাজ খান বলেন, ইস্তাম্বুলে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও তীব্র শীত অনুভূত হচ্ছে। গত বছর একই সময়ে এমন আবহাওয়া ছিল না। তার মতে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই স্পষ্ট হচ্ছে।
তিনি বলেন, এবারের সম্মেলনে উন্নত দেশগুলো কী ভূমিকা নেয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কী ধরনের ঐকমত্য তৈরি হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন তারা। আগের সম্মেলনগুলোতে অনেক আলোচনা হলেও প্রত্যাশিত ফলাফল আসেনি বলেও মন্তব্য করেন তিনি।
আনতালিয়াকে সম্মেলনের স্থান হিসেবে বেছে নেওয়ার বিষয়ে শাহবাজ খান বলেন, শহরটির ভৌগোলিক অবস্থান একে সভ্যতা ও সংস্কৃতির সেতুবন্ধ হিসেবে গড়ে তুলেছে। জলবায়ু বিষয়ে কূটনৈতিক প্রতিশ্রুতি এবং মাঠপর্যায়ের বাস্তবায়নের মধ্যে দূরত্ব কমাতে এ শহর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইতালি থেকে আসা মিজ সোনারী বলেন, ভূমধ্যসাগরীয় অঞ্চল নিজেই জলবায়ু পরিবর্তনের নানা চ্যালেঞ্জের মুখোমুখি। পানির সংকট, তাপমাত্রা বৃদ্ধি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো ঝুঁকি এ অঞ্চলে স্পষ্ট। তাই জলবায়ু সংকটের বাস্তব চিত্র আলোচনায় তুলে ধরে কার্যকর সমাধানের পথ বের করা এবারের সম্মেলনের অন্যতম লক্ষ্য হওয়া উচিত।
সম্মেলনস্থলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্যাভিলিয়ন রয়েছে। পাশাপাশি পরিবেশবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমও চলছে।
কপ সম্মেলনের পটভূমি
জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন বা কপের পূর্ণরূপ কনফারেন্স অব দ্য পার্টিস। ১৯৯২ সালে সদস্যদেশগুলো ‘ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ’ (ইউএনএফসিসিসি) চুক্তিতে স্বাক্ষর করে। জলবায়ু পরিবর্তনের বিপজ্জনক প্রভাব থেকে বিশ্বকে রক্ষা করাই এ চুক্তির অন্যতম লক্ষ্য।
এ লক্ষ্য বাস্তবায়নে ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, প্রতিনিধি, গবেষক ও পরিবেশবিদরা এ সম্মেলনে অংশ নিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়ন নিয়ে আলোচনা করেন।
আনতালিয়া বিমানবন্দর থেকে সম্মেলনস্থলের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। বিমানবন্দর থেকে সম্মেলনস্থল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ‘ওয়েলকাম আনতালিয়া’ লেখা বিলবোর্ড স্থাপন করা হয়েছে। তুরস্কের জাতীয় পতাকাসহ বিভিন্ন দেশের পতাকায় সাজানো হয়েছে পুরো সম্মেলন এলাকা।
বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুজ্জামান মামুন বলেন, এবারের সম্মেলন থেকে বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন প্রত্যাশা করছে। এখন আর শুধু প্রতিশ্রুতি নয়, বরং অর্থায়নের বাস্তবায়ন চায় বাংলাদেশ।
সম্মেলনস্থলে গণমাধ্যমকর্মীদের জন্য রয়েছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিশাল মিডিয়া সেন্টার। পুরো এলাকায় বিনা মূল্যে ওয়াই-ফাই সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি সম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য প্রতিদিন বিনা মূল্যে পানি, পানীয়, চকলেট ও বিভিন্ন ফল সরবরাহ করা হচ্ছে।
সম্মেলনের প্রধান কর্মসূচি
বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ‘ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিট’। এতে বুধবার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে।
এ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার বৈঠকের কর্মসূচি রয়েছে।
উল্লেখ্য, তুরস্কের আনতালিয়ায় গত সোমবার শুরু হওয়া জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ কমানো এবং বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য নিয়ে আলোচনা চলছে।
উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম, অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান সাইমন স্টিয়েল।
এবারের সম্মেলনে আয়োজক ও আলোচনার নেতৃত্বের দায়িত্ব ভাগ করে নিয়েছে তুরস্ক ও অস্ট্রেলিয়া। তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম সম্মেলনে সভাপতিত্ব করছেন। অন্যদিকে, আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া এবং স্বেচ্ছামূলক জলবায়ু উদ্যোগগুলোর সমন্বয় করছে তুরস্ক। দুই দেশের সমঝোতার ভিত্তিতে এ ব্যতিক্রমী ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম