নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল করেছেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে বিকেলে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সালেহ মো. আদনান বলেন, ছাত্রলীগের কোনো ধরনের অরাজকতা, নাশকতা কিংবা সাধারণ মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা এ দেশের ছাত্রসমাজ ও জনগণ কোনোভাবেই বরদাশত করবে না।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশের সার্বিক শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করার আহ্বান জানান।
কর্মসূচিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, আবুল হোসেন হাওলাদার আশিক, সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সাবেক কমিটির সহসাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ও মো. সুমন হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. মানিক ভুঁইয়া, সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, আপ্যায়নবিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাজা, সহধর্মবিষয়ক সম্পাদক মৃণাল চন্দ্র সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মারজুক সাকিব এবং বর্তমান কমিটির সহসাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম