বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ছাত্রশক্তির বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, ভিডিও দেখে তাঁর মনে হয়েছে, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রামদা দিয়ে হাসিব আল ইসলামের ওপর হামলা করা হয়েছে। তবে আল্লাহর রহমতে তিনি রক্ষা পেয়েছেন বলে উল্লেখ করেন রাশেদ খাঁন। একই সঙ্গে হাসিবের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
রাশেদ খাঁন আরও জানান, এ ঘটনার বিষয়ে তিনি ইতোমধ্যে মৌলভীবাজারের পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। তাঁর দাবি, পুলিশ হামলায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করেছে এবং তার বাড়িসহ বিভিন্ন স্থানে কয়েক দফা অভিযান চালিয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় এনসিপির মৌলভীবাজার জেলার নেতাকর্মীরা মামলা করতে গেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চলছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম