হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও শুভ দীপাবলি আজ রোববার (৮ নভেম্বর)। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আরাধনায় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে পূজার আয়োজন। এ উপলক্ষে সর্বত্র বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস।
হিন্দু পুরাণ মতে, কালী দেবী দুর্গারই একটি শক্তিরূপ। সংস্কৃত ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা মূলত শক্তির আরাধনা, যেখানে অশুভ শক্তির বিনাশ এবং শুভশক্তির বিজয় কামনা করা হয়। ভক্তদের কাছে কালী দেবী শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডি, ভদ্রকালী ও দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।
কালীপূজার দিন সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের মানুষ বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে প্রয়াত মা-বাবা ও আত্মীয়স্বজনদের স্মরণ করেন। এ আয়োজনকে বলা হয় দীপাবলি। দুর্গাপূজার মতো কালীপূজায়ও বাড়ি বা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা তৈরি করে পূজা করা হয়। এ ছাড়া মন্দির ও গৃহে প্রতিষ্ঠিত পাথর বা ধাতব প্রতিমাতেও পূজা অনুষ্ঠিত হয়।
সাধারণত মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে কালীপূজা অনুষ্ঠিত হয়। তবে গৃহস্থ বাড়িতে প্রচলিত ব্রাহ্মণ্য রীতিতে আদ্যাশক্তি কালীর আরাধনা করা হয়।
লোকবিশ্বাস অনুযায়ী, কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এ কারণে দেশের বিভিন্ন অঞ্চলে শ্মশানে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে শ্মশান কালীপূজা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রায়েরবাজার মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে শ্যামাপূজার আয়োজন করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম