শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। একই সঙ্গে শ্রমিক আন্দোলনকে পুঁজি করে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় যুবদলের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচি ও মৌন মিছিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে এলাকাবাসীসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান বলেন, শ্রমিকদের আন্দোলন এখন আর তাদের নিয়ন্ত্রণে নেই। সাধারণ শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা করছেন না। তাদের সঙ্গে মিশে ফ্যাসিস্টদের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনের প্রতি তাদের সমর্থন রয়েছে। তবে আন্দোলনের নামে কেউ কারখানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
আইয়ুব খান আরও বলেন, পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে লাখ লাখ শ্রমিকের জীবিকা এ শিল্পের ওপর নির্ভরশীল। এ শিল্প ধ্বংসের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল যাতে শিল্পকারখানায় নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে যুবদলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন।
এ সময় ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজুল আলম সাগর বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি শিল্পাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। কোনো গোষ্ঠী যেন নিজেদের স্বার্থে শ্রমিকদের ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এদিন সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন যুবদলের নেতাকর্মীরা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম