নিজস্ব প্রতিবেদক:
আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটে। বন্দিদশা থেকে মুক্ত হন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। এর ধারাবাহিকতায় সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থান ঘটে। এ সময় সেনাপ্রধান জিয়াউর রহমানকে ঢাকা সেনানিবাসের বাসভবনে গৃহবন্দি করা হয়।
খালেদ মোশাররফ নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন এবং ৬ নভেম্বর বঙ্গভবনে গিয়ে তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদকে গ্রেপ্তার করেন। একই সঙ্গে মন্ত্রিসভা বাতিল ও জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন। পরে প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়।
এরপর ৭ নভেম্বরের রাতে সেনাবাহিনীর সাধারণ সিপাহিরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের সঙ্গে সংহতি জানিয়ে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে আসে। সিপাহি-জনতার অভ্যুত্থানে বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। পাল্টা অভ্যুত্থান ঠেকাতে গিয়ে খালেদ মোশাররফ কয়েকজন অনুসারীসহ নিহত হন। এ ঘটনার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন পরিস্থিতির সৃষ্টি হয় এবং জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৭ নভেম্বরের পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়। এরপর থেকে বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। বিএনপি সরকারের আমলে দিনটি সরকারি ছুটি ছিল। তবে আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় দলটি দিবসটি পালন করতে পারেনি। প্রায় ২০ বছর পর ক্ষমতায় থাকা বিএনপি এবার রাষ্ট্রীয়ভাবে দিনটি উদযাপন করছে।
বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আজ শনিবার বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। তিনি বলেন, দেশের অধিকাংশ জেলা ও মহানগরে দিবসটি উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হবে। ঢাকার র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
রিজভী জানান, র্যালির আগে সকাল সাড়ে ৮টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রীসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
এ ছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথক কর্মসূচি পালন করবে। এর মধ্যে ১০ নভেম্বর যুবদলের আলোচনা সভা, ৫ নভেম্বর শ্রমিক দলের আলোচনা সভা, ৯ নভেম্বর কৃষক দলের আলোচনা সভা এবং একই দিন বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। ছাত্রদল আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনী এবং ৮ নভেম্বর আলোচনা সভার আয়োজন করবে। ওলামা দল এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবে। ৮ নভেম্বর দেশের বিভিন্ন থানা ও উপজেলা পর্যায়েও র্যালি করবে বিএনপি।
রাষ্ট্রপতির বাণী
দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের বিপ্লবে অংশগ্রহণকারী বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসান ঘটাতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। জাতীয় স্বার্থ, সাম্য, ন্যায্যতা ও গণতন্ত্রচর্চা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন, বাক্স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন। অর্থনৈতিক মুক্তি ও সামাজিক শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেন। গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রীর বাণী
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করেছিল। যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে, জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে একদলীয় শাসন কায়েম করতে এবং সেনাবাহিনীর গৌরব ক্ষুণ্ন করতে চেয়েছিল, ৭ নভেম্বরের বিপ্লবে তাদের পরাজয় ঘটেছিল বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সেদিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিয়েছিল। দেশের ইতিহাসে দিনটি শত্রু-মিত্র চিহ্নিত করার একটি গুরুত্বপূর্ণ দিন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম