গাজীপুর মহানগরের ১৮ নম্বর ওয়ার্ডের নলজানি মধ্যপাড়া গ্রামে শাহিদা বেগম (নাম) নামে এক ভাড়াটিয়া নারী খুন হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাসন থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন।
নিহত শাহিদা বেগম আব্দুল মতিন নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পাশাপাশি অবস্থিত ‘রাবেয়ার মা টেইলার্স’ নামের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি।
স্থানীয় ও আশপাশের ভাড়াটিয়াদের সূত্রে জানা যায়, নিহতের স্বামী পেশায় একজন রিকশাচালক। তিনি দুই সন্তানের জননী। তাঁর গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।
স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে। নিহতের পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পাশের কক্ষের এক ভাড়াটিয়া প্রথমে দরজা খুলে মরদেহ দেখতে পান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বাসন থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সংশ্লিষ্ট কক্ষটি ঘিরে রাখেন। তদন্তের স্বার্থে সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাইরে উৎসুক জনতার ভিড় দেখা গেছে।
পুলিশ মরদেহ উদ্ধারের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।