বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে কর্মস্থল থেকে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)।
বুধবার (৪ নভেম্বর) রাতে সংগঠনটির সভাপতি তানজিম আনোয়ার ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ, ক্ষোভ ও প্রতিবাদ জানান।
রাজীব ঘোষ এটিজেএফবির বর্তমান সহসভাপতি। পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) জ্যেষ্ঠ সদস্য।
বিবৃতিতে বলা হয়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ডিবি পুলিশ ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে তাঁর কার্যালয় থেকে আটক করে। এ সময় রাজীব ঘোষকেও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রাত ১১টা পর্যন্ত তাঁদের আটকের কারণ জানানো হয়নি বলে অভিযোগ করেন সহকর্মীরা।
এটিজেএফবির নেতারা বলেন, কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা বা আইনগত প্রক্রিয়ার বিষয়টি স্পষ্ট না করে রাজীব ঘোষকে অফিস থেকে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। একজন পেশাদার সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নির্বাচিত নেতার সঙ্গে এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতা ও নাগরিক অধিকারের জন্য অশনিসংকেত।
তারা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার থাকলেও তা অবশ্যই প্রচলিত আইন ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হতে হবে। কাউকে আটক বা গ্রেপ্তারের ক্ষেত্রে তাঁর পরিবারের সদস্য, সহকর্মী ও সংশ্লিষ্টদের কাছে আটকের আইনগত ভিত্তি ও অবস্থান স্পষ্ট করা জরুরি। আইন প্রয়োগের নামে কোনো নাগরিকের আইনি অধিকার ক্ষুণ্ন করার সুযোগ নেই।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ও ব্যক্তিগত স্বাধীনতা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। একজন সাংবাদিককে এভাবে নিয়ে যাওয়ার ঘটনা সাংবাদিক সমাজের মধ্যে ভীতি ও উদ্বেগ সৃষ্টি করবে, যা গণমাধ্যমের স্বাধীন পরিবেশের জন্য কাম্য নয়।
বিবৃতিতে অবিলম্বে রাজীব ঘোষের মুক্তি দাবি করেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম