রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের বেশ কয়েকজন যাত্রী।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সকাল ৬টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি বাস ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন বলেন, ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম