জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখম, স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ উঠেছে। এ সময় স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া এবং একটি প্রকল্পের টিনের বেড়া ও গাছপালা ভাঙচুরের অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় ওই নারীসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সিমা বেগম।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শানেরহাট ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে। সিমা বেগম পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়া এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, পাহাড়পুর গ্রামে নিজের নামে থাকা ১ দশমিক ২৯ একর জমিতে একটি প্রকল্প গড়ে তুলেছেন সিমা বেগম। জমির দখল নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলাও বিচারাধীন রয়েছে।
অভিযোগে অভিযুক্ত ৯ জন হলেন—মো. আবদুল বাতেন, নাঈম হোসেন ওরফে নান্নু মিয়া, মনু মিয়া, নাসির উদ্দিন, তাজু মিয়া, মাসুদ মিয়া, হাসেন আলী, হাফিজার রহমান ও নাছরিন বেগম। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের নিয়ে নিজের প্রকল্পে পিকনিকের আয়োজন করেন সিমা বেগম। বিকেলে অভিযুক্ত ব্যক্তিরা লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে টিনের বেড়া ভাঙচুর করেন। এ সময় সিমা বেগম ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ করা হয়। প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। একপর্যায়ে আবদুল বাতেন ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, নাছরিন বেগমের গলায় থাকা প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন এবং মাসুদ মিয়া তার কানের প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণের দুল ছিনিয়ে নেন। সিমা বেগমকে রক্ষা করতে এগিয়ে এলে তার দেবর আমিনুল ইসলাম (৫৫) ও স্বজন রাকিবুল ইসলাম রকিকেও মারধর করা হয়।
এ ছাড়া প্রকল্পের টিনের বেড়া ও গাছপালা ভাঙচুর করে প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আবদুল বাতেন। তিনি বলেন, ‘আমার বাড়িঘর তারা দখল করতে লোকজন নিয়ে এসে মারামারি করেছেন। কার আঘাতে কে আহত হয়েছেন, তা আমি বলতে পারব না।’
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন