লন্ডন থেকে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম আজ রোববার (২২ নভেম্বর) লন্ডন থেকে দেশে ফিরছেন। দেশে ফিরে বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি সংবাদ সম্মেলন করবেন তিনি।
সংবাদ সম্মেলনটি বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের সামনে নিচতলার পার্কিং এলাকায় অনুষ্ঠিত হবে। এ সময় গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে এনসিপি।
এদিকে, জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব ও দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়েছে এনসিপি।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়ে আগামীকাল তাঁর সঙ্গে বৈঠকে বসবে এনসিপির প্রতিনিধি দল। দুপুরে অনুষ্ঠেয় এ বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেওয়ার কথা রয়েছে।
জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হবে। পরে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।
এনসিপি সূত্রে জানা গেছে, লন্ডন সফর শেষে দেশে ফেরার পর নাহিদ ইসলামের সঙ্গে আলোচনা করে প্রতিনিধি দলের বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন