জগন্নাথপুরে ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
যোগফল প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ ঘর থেকে বাবুল মিয়া (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাটলী ইউনিয়নের কামিনিপুর গ্রামের নতুন আগলা বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, দুই-এক দিন আগে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বাবুল মিয়া। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত বাবুল মিয়া কিশোরগঞ্জের তারাইল উপজেলার গজিনপুর গ্রামের দোলাল মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি পরিবারের সঙ্গে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চানপুর গ্রামে বসবাস করে আসছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িটি কিছুটা নির্জন এলাকায় হওয়ায় সেখানে লোকজনের যাতায়াত কম। সোমবার দুপুরের দিকে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা জগন্নাথপুর থানায় খবর দেন।
খবর পেয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে থানায় নিয়ে যায়।
পাটলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বাবুল মিয়ার স্ত্রী দুই থেকে তিন দিন আগে রাগ করে চলে গেছেন বলে তিনি শুনেছেন। বাড়িটি গ্রামের কিছুটা দূরে হওয়ায় সেখানে লোকজনের যাতায়াত কম। তার ধারণা, মরদেহটি এক-দুই দিন আগের।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন