নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
নেত্রকোনার খালিয়াজুরীতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর অদ্বৈত্য সরকার আদিত্য (৫৫) নামে এক শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চাঁদপুর গ্রামের মধ্যবর্তী এলাকায় সুরমা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় স্বজনেরা মরদেহটি অদ্বৈত্য সরকার আদিত্যের বলে শনাক্ত করেন।
নিহত অদ্বৈত্য সরকার আদিত্য উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত অক্ষয় সরকারের ছেলে। তিনি মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে স্থানীয় বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন অদ্বৈত্য সরকার। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুই দিন পেরিয়ে যাওয়ায় মরদেহে পচন ধরেছে। এ কারণে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন