দেবিদ্বারে নাশকতায় অর্থ জোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ জোগানের অভিযোগে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা যুবলীগের সদস্য হাজী মো. সেলিম সরকারকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর শনিবার (২১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সেলিম সরকার দেবিদ্বার পৌর এলাকার মরহুম আবদুল মতিন মেম্বারের ছেলে। স্থানীয়ভাবে তিনি একজন প্রথম শ্রেণির ঠিকাদার এবং কার্যক্রম নিষিদ্ধ দেবিদ্বার উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সারা দেশের মতো দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা চালানোর চেষ্টা করছিলেন সংগঠনটির নেতাকর্মীরা। এসব নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ জোগানের অভিযোগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দেবিদ্বার পৌর এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে সেলিম সরকারকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, সেলিম সরকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ জোগানের প্রমাণ পাওয়ায় উপজেলা যুবলীগের সদস্য হাজী মো. সেলিম সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন