জুলাই সনদের ‘নোট অব ডিসেন্ট’ প্রত্যাহারের আহ্বান জামায়াতের
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে জুলাই জাতীয় সনদের ‘নোট অব ডিসেন্ট’ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, গণভোটের সামনে সংবিধান সংশোধন কমিটির কোনো মূল্য নেই। গণভোটের রায় মেনে নিয়ে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, গণভোটের রায় মেনে নিলে জনগণকে সঙ্গে নিয়ে সর্বশক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে জামায়াত।
শনিবার দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকা মহানগর জামায়াত এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে অনেক রাজনৈতিক সহিংসতা দেখেছেন। কিন্তু আওয়ামী লীগ যেভাবে রাস্তাঘাট অবরোধ, গাছপালা কাটা, বাড়িঘরে আগুন, হাসপাতাল ও থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে, এমন ঘটনা আগে দেখেননি। বাংলাদেশে কখনো সন্ত্রাসীদের ভয়ে পুলিশকে থানা ছেড়ে পালিয়ে যেতে হয়নি বলেও মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, সরকারের মন্ত্রিসভার কার ওপর কী দায়িত্ব দেওয়া যায়, তা পুনর্বিবেচনার সময় এসেছে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে ক্ষমতায় আসার পরও সরকার সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পারেনি। অথচ বিরোধী দলকে দায়ী করা হচ্ছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত সরকারকে ব্যর্থ দেখতে চায় না এবং সরকারকে পদত্যাগ করতেও বলেনি। তবে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হলে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ঐক্য ফিরিয়ে আনতে হবে। তার মতে, জুলাই জাতীয় সনদ ছিল সেই ঐক্যের মূল ভিত্তি।
সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় অধ্যাদেশ পুনরায় চালু এবং গুম-খুন কমিশন ফিরিয়ে আনারও দাবি জানান তিনি।
সংগঠনের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। সনদ বাস্তবায়িত হলে কোনো অপশক্তি বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। আগুন-সন্ত্রাসীদের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য নেতারা।
সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম ও দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পল্টন মোড় ও বিজয়নগর হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন