বেন্দারচরে হিন্দু বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের খবর মিথ্যা: পুলিশ
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
শনিবার (২১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে প্রচার করা হচ্ছে। তবে এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
পুলিশ সদর দপ্তর জানায়, পূর্বে ধারণকৃত ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষুণ্ন করছে। বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবারের সদস্য বা ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনাও ঘটেনি বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নড়াইলের কালিয়া থানাধীন বেন্দারচর সুইচ গেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে হামলা চালান। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) ও কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা নিহত হন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে নিহতদের স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান।
খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন