‘আওয়ামী লীগকে ধ্বংস করতে গিয়ে পরিবার ও দলকেও ধ্বংস করেছেন শেখ হাসিনা’: হুমায়ুন কবির
যোগফল প্রতিবেদক:
আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়, বরং ‘আওয়ামী সন্ত্রাসী লীগে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যাওয়াই এখন দলটির কর্মকাণ্ডে পরিণত হয়েছে। ‘জয় বাংলা’ স্লোগানটি জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় নিজের বাসার সামনের গেটে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয়, তা দেশের মানুষ ও সরকার জানে। সরকার সহনশীল এবং মানুষের প্রতি সহনশীলতা দেখায়। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে সরকার তা গ্রহণ করবে। বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান নেই। তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করতে গিয়ে দলটির নেত্রী শেখ হাসিনা নিজের পরিবার ও দলকেও ধ্বংস করেছেন। এখন দলটির ভেতরে যারা রয়েছেন, তাদেরও হত্যার চেষ্টা করা হচ্ছে। প্রতিহিংসা ও আক্রোশ থেকে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। যারা আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে, তাদের অবস্থা এমন হয়েছে যে কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থল ছেড়ে উধাও হয়ে যাচ্ছে।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্ব এখন উজ্জ্বল। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসছে এবং এমন একটি শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠা পাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠী ঈর্ষান্বিত হয়ে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের মানুষ এসব কর্মকাণ্ড আর সহ্য করে না।
নিজের বাসার সামনে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, দুর্বৃত্তরা আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে গেছে। তবে এ ঘটনায় সিলেটে এসে নেতাকর্মীদের পাশে পাওয়ায় তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। এ সময় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে ফিরতে পারবে না। তারা হয় দেশ থেকে পালানোর চেষ্টা করবে, নয়তো আইনের আওতায় আসবে। সন্ত্রাসীদের কোনো পাসপোর্ট বা পাসপোর্টের জন্য আবেদন করার সুযোগ নেই। অপরাধীদের প্রত্যর্পণ চুক্তির আওতায় হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি আরও বলেন, যারা দেশের মানুষকে হত্যা করেছে এবং দেশের সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা ব্যবস্থা ধ্বংসের চেষ্টা করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। অপরাধী যত দূরেই পালিয়ে থাকুক না কেন, আইনের দীর্ঘ হাত তাদের নাগাল পাবে।
উল্লেখ্য, শুক্রবার ভোরে সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির প্রবেশপথের একটি গেটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পেট্রোল বোমা হামলার তথ্য ছড়িয়ে পড়লেও সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এটি পেট্রোল বোমা বা এ ধরনের কোনো বিস্ফোরক দিয়ে ঘটানো হয়নি।
এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
তুলি আক্তার / অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন