শেখ হাসিনার পরিণতি প্রত্যর্পণ ও আত্মসমর্পণ: মাহফুজ আলম
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরা ‘প্রত্যাবর্তন নয়’, বরং তাঁর পরিণতি হওয়া উচিত ‘প্রত্যর্পণ ও আত্মসমর্পণ’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’-এর প্রতিষ্ঠাতা মাহফুজ আলম।
একই সঙ্গে আওয়ামী লীগকে ১৭ বছরের ফ্যাসিবাদের সত্য স্বীকার করে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টা ১৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন মাহফুজ আলম।
পোস্টে তিনি লেখেন, ‘প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হলো প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। সন্ত্রাস ও খুনের রাজনীতির বদলে ১৭ বছর ফ্যাসিবাদের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব।’
তিনি আরও লেখেন, সম্ভাব্য গৃহযুদ্ধের পরিস্থিতি এড়াতে ২০২৪ সালের ২১ আগস্ট তিনি পুনর্মিলনের (রিকনসিলিয়েশন) প্রস্তাব দিয়েছিলেন। তবে আওয়ামী লীগের মধ্যে সন্ত্রাসের প্রবণতা রয়েছে এবং অনুশোচনা কিংবা আত্মপর্যালোচনার কোনো লক্ষণ নেই বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের কর্মকাণ্ডে দেশের অর্থনীতি ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে উল্লেখ করে মাহফুজ আলম বলেন, সন্ত্রাস ও হত্যার রাজনীতি অব্যাহত থাকলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্য ধ্বংস এবং জীবন ও সম্পদের ক্ষতির জন্য আওয়ামী লীগ ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতারা দায়ী থাকবে।
তিনি আরও বলেন, চলমান আন্তঃসীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকার এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন