চোরাগুপ্তা হামলা ও অগ্নিসংযোগ করে কেউ ক্ষমতায় যেতে পারেনি: খোকন
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
অতীতে চোরাগুপ্তা হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেউ ক্ষমতায় যেতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
শুক্রবার (২০ নভেম্বর) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর সারা দেশে নাশকতা, নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
তিনি অভিযোগ করে বলেন, গোপালগঞ্জে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে থানায় অগ্নিসংযোগ করা হয়েছে। বিএনপির দুই সংসদ সদস্যের বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দলের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া নড়াইলে দুজন এবং ফরিদপুরে একজনসহ বিএনপির তিন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে তাণ্ডব চালানোর মাধ্যমে তারা প্রমাণ করেছে, এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়; বরং একটি সন্ত্রাসী দল। সরকার এতদিন চরম ধৈর্য, সংযম ও সহনশীলতার পরিচয় দিয়েছে। অতীতে গুম, খুন ও ক্রসফায়ারের মতো ঘটনা ঘটলেও বর্তমান সরকার এখন পর্যন্ত একটি গুলিও ছোড়েনি। থানা লুট ও মানুষ হত্যার পরও পুলিশ ধৈর্য ধরেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—‘এনাফ ইজ এনাফ’। অনেক হয়েছে, আর ধৈর্য নয়। এখন থেকে আইন প্রয়োগকারী সংস্থা ও জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হাতে সন্ত্রাস ও নাশকতা দমন করা হবে।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, অ্যাডভোকেট বাছেদ, একেএম গোলাম কামাল, দ্বীন মোহাম্মদ দিপু, ফারুক উদ্দিন ভূঁইয়া, খবিরুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন